সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে উত্থান হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। এতে সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪২টির। আর ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৭৯ কোটি ৮০ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংকের শেয়ার। ২ টাকা ৮০ পয়সা বেড়ে ৬৯ টাকা ৭০ পয়সায় কোম্পানিটির ১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৪৬ লাখ টাকার। ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৩ প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৭টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ৪৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৭২ লাখ টাকা।