কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। হসপিটালের চিকিৎসক ডা. আবদুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
জামায়াত আমিরের শোক : আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল দলটির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শোকবাণী দিয়েছেন। শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক মাওলানা আবুল হাশেম একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামি ব্যক্তিত্ব। দ্বীনের পথে তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।