বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন গতকাল ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিমানবাহিনী প্রধান দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমানবাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। পরে তিনি সম্মেলনে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশগ্রহণ করেন।