রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের হামলায় আহত সাবেক সেনা সদস্য মাহবুব আলমের (৫৭) মৃত্যু হয়েছে। ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার এসআই মো. কামরুল। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গতকাল এসআই কামরুল বলেন, শুক্রবার সন্ধ্যায় উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে কাজে গিয়েছিলেন মাহবুব আলম। এ সময় সেখানে একটি প্যারাডো ও নিশান প্রাইভেট কার আসে। প্যারাডো গাড়ি থেকে একজন নেমে হঠাৎ মাহবুব আলমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যে আরও পাঁচ-ছয়জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা গেছে, মাহবুব আলমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তিনি উত্তরা পূর্ব থানা এলাকায় থাকতেন এবং সেখানকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।