রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে নয়জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে সংঘর্ষের ঘটনা তদন্তে গতকাল নয় সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের পর ঢাকা পলিটেকনিকের ছাত্রদল নেতা শাহরিয়ার হক শান্তকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করছে। সংঘর্ষের জেরে গতকাল দুপুরে ক্যাম্পাস এলাকায় ছাত্রদল ও শিবির পৃথক পৃথক বিক্ষোভ দেখিয়েছে বলে জানান ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমান। হলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি। পলিটেকনিকের ছাত্রাবাসে ছাত্রশিবিরের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও গতকাল তাদের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
ছাত্রশিবিরের প্রতিবাদ : ছাত্রশিবিরের নেতা-কর্মী ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় ছাত্রদল রাতের অন্ধকারে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। ক্যাম্পাসগুলোতে পুনরায় দখলদারত্ব ও ত্রাসের রাজত্ব কায়েম করতেই তারা এ রক্তক্ষয়ী পথ বেছে নিয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাত্রদল-ছাত্রশিবির পাল্টাপাল্টি অভিযোগ : ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঘটনা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সোমবার রাতে তার ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি বলেন, শিবিরের সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের কক্ষে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। কক্ষের ভিতরে ঢুকে ছাত্রদলের একজন সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। অনেকেই আহত হয়েছেন। ইনস্টিটিটিউটে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিবিরের সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি জানান তিনি। অপরদিকে ঢাকা পলিটেকনিকের ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাদিক কায়েম সোমবার রাতে তার ফেসবুকে একটি পোস্ট দেন।
এতে তিনি লেখেন, ঢাকা পলিটেকনিকে রাতের অন্ধকারে ছাত্রাবাসে ঢুকে শিবিরকর্মীদের ওপর রামদা, রড ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রদল। একদিকে খুন, ধর্ষণ ও চাঁদাবাজিতে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে ক্যাম্পাসগুলোতে চলছে ছাত্রলীগীয় কায়দায় হামলা ও দখলদারত্ব। আর প্রশাসন বরাবরের মতোই সেই পুরোনো চাটুকার ভূমিকায় লিপ্ত। সরকারকে অবিলম্বে নিজেদের দলীয় ক্যাডার বাহিনীকে সামলাতে বলেন তিনি। অন্যথায় ক্যাম্পাসে সবার সহাবস্থান বিঘ্নিত করে আবার দখলদারত্ব ও সহিংসতা কায়েমের জন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে বলেও পোস্টে যোগ করেন সাদিক কায়েম।