বগুড়া জেলার শেরপুরে অবস্থিত রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে নদী দূষণের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন দাবি করেছেন কর্তৃপক্ষ। গতকাল বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ দাবি করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক এ কে এম মাসুদুর রহমান। তিনি জানান, এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কস্টিক সোডা, ব্লিচিং পাউডার, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও তরল ক্লোরিন উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে আসছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। করতোয়া, বাঙালি ও ফুলজোড় নদী দূষণের অভিযোগে বিভিন্ন সময়ে নেতিবাচক সংবাদ প্রচার হলেও বাস্তবে এর কোনো ভিত্তি নেই। ২০২৩ সালে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালকের নেতৃত্বে গঠিত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কারখানায় ঝটিকা অভিযান চালায়। সেই সময় সংগৃহীত পানির নমুনা পরীক্ষায় সরকার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ফলাফল পাওয়া যায় এবং নদী দূষণের কোনো প্রমাণ মেলেনি।
তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করতেই একটি পক্ষ বারবার এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে একতরফা দোষারোপ করা অযৌক্তিক। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহের উচিত বৈজ্ঞানিক ও নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত কারণ নির্ধারণ করা।