ইসলামী ঐক্য আন্দোলনের নেতারা বলেছেন, বদরের যুদ্ধ ছিল হক ও বাতিলের চূড়ান্ত লড়াই। এ যুদ্ধের মাধ্যমে হক বাতিল চিরদিনের জন্য পৃথক হয়ে যায়। মক্কার জীবনে চরম নির্যাতনের মধ্যেও রসুলুল্লাহ (সা.) সাথীদের নিয়ে বাতিলের সঙ্গে আপস করেননি। তাই বিশ্ব মুসলমানের উচিত, বদরের চেতনা থেকে অন্যায়ের প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার আপসহীন দীক্ষা গ্রহণ করা। গতকাল পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ঐক্য আন্দোলনের নগরী উত্তর ও দক্ষিণ আয়োজিত ‘বদর যুদ্ধের চেতনা ও মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে নেতারা এ কথা বলেন। দক্ষিণের আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া, মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, মাওলানা আহমদ আলী কাসেমী, মোস্তফা তারেকুল হাসান, মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ, মাওলানা মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, আপসকামী নেতৃত্বের ফলে বিশ্বব্যাপী মুসলমানরা চরম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। সংকট-মহাসংকটে মুসলিম উম্মাহ আজ জর্জরিত। প্রতিটি মুসলিম দেশেই চলছে বদরের পরিস্থিতি। ইরান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, পাকিস্তান, ইয়েমেনসহ অসংখ্য দেশে আজ বদরের পরিস্থিতি দৃশ্যমান। এ গ্লানিকর জীবন থেকে মুক্তি পেতে হলে বদরের সেই প্রতিরোধ সংগ্রাম ও আপসহীনতার চেতনা ধারণ ও লালন করতে হবে।