কিশোরগঞ্জে পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল তথ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, তথ্যমন্ত্রী ফোনে আহত সাংবাদিকদের খোঁজখবর নেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামের সঙ্গেও কথা বলেন। তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং হামলায় আহত সাংবাদিকদের নিরাপত্তা বিধানের নির্দেশ দেন। ইতোমধ্যে হামলাকারীদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন জেলা প্রশাসক।
গত ৫ ফেব্রুয়ারি বিকালে শহরের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করার সময় নিলাম সিন্ডিকেটের হামলার শিকার হন স্থানীয় কয়েকজন সাংবাদিক।
তাদের হামলায় গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু। এ ঘটনায় এদিন রাতে আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে আটজনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুজনকে আটক করে।