আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি চাকরিজীবীরা যেখানে সাত দিনের ছুটি পাচ্ছেন, সেখানে সংবাদপত্রে মাত্র তিন দিনের ছুটি দেওয়া বৈষম্যমূলক। এ ছাড়া ঈদের সময় সাধারণত হকাররা পত্রিকা বিক্রি করেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে নেতারা আরও বলেন, গত ঈদুল আজহায় ডিআরইউর দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন ডিআরইউ নেতারা।