তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খুঁজে। এভাবে তো চাকরি পাওয়া যাবে না। এ জন্য আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে।’
তিনি বলেন, ‘বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত। যেসব বিষয় দরকার আছে, সেসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই, তাহলে তো মুশকিল হবে।’ ঠাকুরগাঁও জেলার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয়, চার লেনের সড়কসহ অবকাঠামো এবং জীবনমান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী।