দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের নাম ভাঙিয়ে ভয়ংকর প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ প্রতিদিনের লোগো ব্যবহার করে চক্রটি মানুষকে ব্ল্যাকমেইলিং ও বিভিন্নভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। হাতিয়ে নিচ্ছে অনৈতিক সুবিধা ও মোটা অঙ্কের অর্থ। ভয়ংকর এ চক্র ফাঁদে ফেলেছিলেন একজন ব্যাংকারকে। গতকাল তার কাছে ০১৫৬০০৬২৭৪৫ নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক পরিচয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে নানা হুমকিধমকি দেন। ব্যক্তি ও পরিবারকে নিয়ে লাগাতার নিউজ করে হয়রানির হুঁশিয়ারি দেন। পরে ওই ব্যাংকার বাংলাদেশ প্রতিদিনে ফোন দিয়ে বিষয়টি জানান।
বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ ওই নম্বর ব্যবহারকারী সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনে নেই বলে নিশ্চিত করে। এরপরও যদি কেউ বাংলাদেশ প্রতিদিনের নাম ব্যবহার করে কাউকে ব্ল্যাকমেলের চেষ্টা করে তার বিরুদ্ধে ভুক্তভোগীদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ।