কক্সবাজারের মেরিন ড্রাইভসহ জেলার সব পর্যটনকেন্দ্রকে ফ্রি ইন্টারনেট সুবিধার আওতায় আনার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, পর্যটকদের সুবিধা এবং সমুদ্রপথে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্যাটেলাইট প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। গতকাল কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশে ইন্টারনেটের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ফিশিং ট্রলারগুলোর নিরাপত্তার জন্য স্যাটেলাইটের মাধ্যমে তাদের ইন্টারনেটের আওতায় আনা হচ্ছে। এতে গভীর সমুদ্রে কোনো বিপদ হলে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।’