বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে আগামী মঙ্গলবার পয়লা বৈশাখ রাজধানী ঢাকায় দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। এ উপলক্ষে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা ও বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাগ্রত কবি আল্লামা মুহিব খান। উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সিনিয়র সহসভাপতি রশিদ আহমদ ফেরদৌস, সহসভাপতি শায়খ মুহাম্মদ উসমান গনী, ড. কুতুবউদ্দিন বোখতেয়ার, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কাউসার আহমদ সুহাইল, সহসাধারণ সম্পাদক গাজী আনাস রওশান, মাঈনুদ্দীন ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদরুজ্জামান প্রমুখ।
কবি আল্লামা মুহিব খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দিনব্যাপি কর্মসূচি বাস্তবায়নে আমরা আমাদের সঙ্গী হিসেবে দেশের অন্যতম স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চারকে এ বছর আমাদের পাশে পেয়েছি এবং আগামীতেও নিয়মিত এই ধারা বজায় রাখতে পারব বলে প্রত্যাশা করছি। বাংলাদেশ এবং বাঙালির প্রকৃত ইতিহাস ও গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যগুলোকে নতুন প্রজন্ম এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্যই আমাদের এই যৌথ আন্তরিক প্রয়াস। তিনটি পর্বে আমরা অনুষ্ঠানসূচি সাজিয়েছি। প্রথম পর্বে সকাল ১০টায় পুরানা পল্টনের ‘মুক্তাঙ্গন’ থেকে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’ পর্যন্ত ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ নামে আমরা একটি সুসজ্জিত বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করব। দুপুর ১২টা থেকে রাজধানীর বিজয়নগরে বাঙালি সমাজের বিপুল জননন্দিত অনুষঙ্গ ঐতিহ্যবাহী ‘মেজবান’-এর আয়োজন করা হবে। যেখানে দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের জন্য শুভেচ্ছা মূল্যে সাদা চালের গরম ভাত, গরুর গোশত, দেশি শাকসবজি ও মিষ্টান্ন পরিবেশন করা হবে। এ ছাড়াও অনুষ্ঠানস্থল ঘিরে থাকবে নানান রকম সুস্বাদু, সুদর্শন, দেশি ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের সম্ভার। বিকাল ৩টা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত হবে এক অনবদ্য সাংস্কৃতিক উৎসব; যার নামকরণ করা হয়েছে ‘বাঙলা সাংস্কৃতিক উৎসব ১৪৩৩’।
এ আয়োজনের নান্দনিক বাঙালিয়ানা মঞ্চে বিশ্বাস ও ভক্তিমূলক, দেশাত্মবোধক, আদর্শ ঐতিহ্যের ধারক-বাহক সংগীত ও লোকগীতিসহ কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করা হবে। জ্ঞানগর্ভ আলোচনা ও বক্তৃতা উপস্থাপন করা হবে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয় প্রসঙ্গে। এ ছাড়াও ১৪৩৩ বঙ্গাব্দ সনের একটি ‘বাঙলা দিনপঞ্জিকা’ প্রকাশ করা হবে এ দিন।