বরিশাল মহানগরের একমাত্র বিশেষায়িত হৃদরোগ চিকিৎসাকেন্দ্র ‘বরিশাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার’টি দীর্ঘ প্রায় ৯ বছর বন্ধ অবস্থায় পড়ে আছে। ফলে বরিশালসহ আশপাশ জেলার হৃদরোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অতিরিক্ত চাপ পড়ছে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে। জানা গেছে, মহানগরের নিউ সার্কুলার রোডে ২০০২ সালে ৫৬ শতাংশ জমির ওপর হার্ট ফাউন্ডেশনের নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালটির উদ্বোধন করেন। পাঁচ তলা ভিতের ওপর এক তলা নির্মিত এ ভবনটিতে একাধিক কক্ষ, ওয়াশরুম এবং একটি বড় মিলনায়তন রয়েছে, যেখানে অন্তত ১০টি বেড স্থাপন করে চিকিৎসাসেবা চালু করা সম্ভব। ভবনের কেয়ারটেকার আবদুস সালাম জানান, প্রতিষ্ঠানটির শুরু থেকে তিনি রয়েছেন। অনিয়মিত দায়িত্বে আছেন তিনজন নিরাপত্তাকর্মী, একজন ঝাড়ুদার ও একজন হিসাবরক্ষক। কেয়ারটেকার আরও বলেন, ৯ বছর তাঁর বেতন বন্ধ রয়েছে। শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, ‘হার্ট ফাউন্ডেশনটি চালু থাকলে শেবাচিম হাসপাতালে রোগীর চাপ অনেক কম থাকত। আমাদের হাসপাতালে বর্তমানে প্রতিদিন দেড় শ রোগী চিকিৎসা নেন। এ ছাড়া প্রায় অর্ধশত রোগী ভর্তি থাকেন।’ এলাকাবাসীর দাবি, দ্রুত হাসপাতালটি পুনরায় চালু করে আধুনিক হৃদরোগ চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন বলেন, প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি অবগত আছেন এবং দ্রুত এটি চালুর উদ্যোগ নেওয়া হবে।