রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অপহৃত ১৫ বছর বয়সি এক স্কুলছাত্রীকে এক সপ্তাহ পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় ঘটনার মূল অভিযুক্ত তাওহীদ মো. মোস্তাকিম (৩৩) ও মো. আবু সাঈদ (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৬ মে ধানমন্ডির ১৩/এ রোডের নিজ বাসার সামনে থেকে দুর্বৃত্তরা ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পরিবার ধানমন্ডি মডেল থানায় অপহরণ মামলা করেন। ঘটনার পর অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামি গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। এরই ধারাবাহিকতায় ১২ মে রাতে র্যাব কক্সবাজার সদরের ঝিলঞ্জা ইউনিয়নের লিংক রোডে বিশেষ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম ও মো. আবু সাঈদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম ঢাকার উত্তরার আটিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও মো. আবু সাঈদ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মো. খোরশেদ আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপহরণের কথা স্বীকার করেছেন। পরে ভিকটিম এবং গ্রেপ্তার অভিযুক্তদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।