আগেও আমরা দেখেছি, বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বর্তমানেও নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতিতে তা আরো বেগতিক হচ্ছে। এভাবে চলতে থাকলে সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো বেশি অবনতি ঘটবে। এখন কথা হচ্ছে, কেন এগুলো ঘটছে? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে।
এর মধ্যে রয়েছে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অবৈধ অস্ত্রগুলোর বেশ কিছু এখনো বাইরে রয়ে গেছে। এগুলো অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া দেশের সীমান্ত দিয়ে প্রতিনিয়িত অবৈধভাবে অস্ত্র পাচার হয়ে আসছে এবং এগুলো অনেকভাবে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে অন্যতম রাজনৈতিক অপব্যবহার। ৫ আগস্টের পর কারাগার থেকে ঢালাওভাবে শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের জামিন দেওয়া হয়েছে। পরে তাদের যেভাবে মনিটরিং করার কথা, সেভাবে করা হচ্ছে না। এভাবে যারা চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসী বিচারাধীন ছিল, তাদের মুক্তভাবে সমাজে ছেড়ে দেওয়ায় তারা কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছে। এর অংশ হিসেবে তারা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে।
রাজনৈতিক প্রতিপক্ষ দলকে সরাতে হত্যাকাণ্ডের মতো আরো নানা ধরনের অপরাধ তারা করতে পারে। এর মধ্যে অন্যতম হতে পারে টার্গেট কিলিং। এরই পরিক্রমায় গত কয়েক মাস ধরে আমরা কিন্তু তাই দেখছি। এ সময়ের মধ্যে যত হত্যা কিংবা বড় ঘটনা ঘটেছে, এসবের মধ্যে অন্যতম কারণ রাজনৈতিক দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব ও সহিংসতা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরো বেশি হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করি।
এখন আরেকটি বিষয় হচ্ছে, দেশের সব রাজনৈতিক দল যে নির্বাচন চায়, তা কিন্তু না। কেউ হয়তো দলের কৌশলগত কারণে নির্বাচন চাচ্ছে, কেউ অন্য কারণে, কিন্তু একটি শ্রেণি বা রাজনৈতিক দল আছে, যারা চায় না এই মুহূর্তে নির্বাচন হোক। নির্বাচনকে অন্যদিকে ডাইভার্ট করতেও নানামুখী যড়যন্ত্র চলছে। অর্থাৎ বিভিন্ন ধরনের যড়যন্ত্র দিনকে দিন হচ্ছেই বলা চলে।
সেখান থেকে সরকার যদি সচেতন না হয়, সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে হয়তো নির্বাচন হয়ে যাবে, তবে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে অনেক প্রশ্ন দাঁড়াবে। তাই সরকার যদি এখন থেকে সঠিক প্রস্তুতি নিয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে নির্বাচনের আগে হত্যাকাণ্ড আরো বাড়বে, একই সঙ্গে নির্বাচনকে ভূলুণ্ঠিত করবে বলে আমি মনে করি।
লেখক : অধ্যাপক, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
বিডি প্রতিদিন/নাজিম