logo
আপডেট : ২৪ জুন, ২০২৬ ১৪:০৮
১১৪ ঘণ্টা পর সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি

১১৪ ঘণ্টা পর সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

বান্দরবানের সাঙ্গু নদীতে ডুবে যাওয়ার প্রায় ১১৪ ঘণ্টা পর ১১ বছর বয়সী শিশু আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নৌকা নিয়ে গিয়ে সেটি উদ্ধার করেন। পরে স্বজনরা মরদেহটি নিখোঁজ আরেফিনের বলে শনাক্ত করেন।

জানা গেছে, গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলা শেষে শৈলশোভা আবাসিক এলাকা সংলগ্ন সাঙ্গু নদীতে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে যায় আরেফিন। প্রায় চার দিন ১৮ ঘণ্টা পর ডুবে যাওয়ার স্থানের অদূরেই তার গলিত মরদেহ ভেসে ওঠে।

বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা শুক্রবার রাতেই উদ্ধার অভিযান শুরু করেন। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল শনিবার রাত পর্যন্ত তল্লাশি চালালেও শিশুটির সন্ধান মেলেনি। পরবর্তীতে অভিযান স্থগিত করা হয়।

স্বজনদের তথ্য অনুযায়ী, আরেফিন বান্দরবান জেলা সদরের বালাঘাটা বাজার এলাকার সাতকানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক এনামুল হকের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিল।

বিডি-প্রতিদিন/এমএল