স্কুলের গণ্ডি পেরিয়ে এবার পিটজার কলেজে পা রাখতে চলেছেন বাংলাদেশি তরুণ ইজার সাদেক। এ উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তারা বিশেষ বার্তায় বলেছে, ইজারের কাজ ও উদ্ভাবন তার উত্তরসূরীদের পথ দেখাবে, দেবে পথ চলার দিশা।
স্কুল কর্তৃপক্ষ আরও বলেছে, তাদের কমিউনিটির গুরুত্বপূর্ণ ভিত্তি ছিলেন ইজার। তারা বলেছে, রোবোটিক টিম থেকে শুরু করে ভলিবল কোর্ট সব জায়গাতেই নিজের সেরাটা দিয়েছেন ইজার। আর সে জন্যই স্কুল কর্তৃপক্ষ তার কাছে কৃতজ্ঞ। তার ভবিষ্যত যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
ইজার দেখিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তির লড়াইয়ে পিছিয়ে নেই বাংলাদেশের তরুণ প্রজন্ম। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন তারা। ইজার সাদেক ব্রুকলিনে রোবোটিক্স এবং টেকসই জ্বালানি নিয়ে কাজ করে তাক লাগিয়ে দিচ্ছেন। তার তৈরি বিশেষ সৌরবাতি থেকে শুরু করে অত্যাধুনিক রোবট; সবই এখন আলোচনার কেন্দ্রে।
দিনের আলো শেষ হলেও যাদের পড়াশোনা থামে না, তাদের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছেন ইজার সাদেক। গ্রামীণ অঞ্চলের যেসব শিক্ষার্থীর বাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নেই, তাদের জন্য তিনি তৈরি করেছেন ‘মডুলার সোলার চার্জিং অ্যান্ড রিডিং লাইট’।
এই উদ্ভাবনী সৌর বাতিতে রয়েছে শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক এবং ইউএসবি চার্জিং সুবিধা। মাত্র ২ ঘণ্টা সূর্যের আলোয় চার্জ দিলে এটি টানা ৩ ঘণ্টা পর্যন্ত আলো দিতে পারে। বর্তমানে বাংলাদেশের ভালুকা অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে এই বাতি বিতরণ করা হয়েছে। এটি বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য বিনিয়োগ পাওয়ার চেষ্টা চলছে।
ইজারের মেধার পরিচয় কেবল সৌর শক্তিতেই সীমাবদ্ধ নয়। রোবোটিক্সের ময়দানেও তিনি এক পরিচিত নাম। বিশেষ করে ফার্স্ট টেক চ্যালেঞ্জ প্রতিযোগিতার জন্য তার ডিজাইন করা রোবট নজর কেড়েছে। ২০২৪ থেকে ২০২৬ সালের কম্পিটিশনগুলোর জন্য তিনি তৈরি করেছেন মেকানাম-ড্রাইভ রোবট, যা অত্যন্ত নিখুঁতভাবে বিভিন্ন বাধা অতিক্রম করতে এবং ভারী বস্তু তুলতে সক্ষম। ‘টিম ১৪১৫৬'-এর লিড ডিজাইনার হিসেবে তিনি ফুশন ৩৬০ এবং থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সমন্বয়ে রোবটগুলোকে দিয়েছেন আধুনিক রূপ।
পেশাদার ক্ষেত্রেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই তরুণ। ‘রেভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং-এ ইন্টার্নশিপ চলাকালীন তিনি তৈরি করেছেন পাওয়ার ট্রান্সফরমারের জন্য গুরুত্বপূর্ণ রেডিয়েটর ড্রয়িং। ভারী শিল্পে ব্যবহৃত এই কুলিং সিস্টেমের ডিজাইনটি ইঞ্জিনিয়ারিংয়ের জটিল হিসাব-নিকাশ ও সৃজনশীলতার এক দারুণ মিশেল।
বিডি প্রতিদিন/এনএইচ