শীতকালীন সৌন্দর্যের কৃতিত্বগুলো
কুয়াশাময়ী ধূসরে জড়তা ভেঙেছে,
পাতাঝরার বীক্ষণে সফেন হাওয়া
পুরান আখ্যান ছিঁড়ে মেলেছে পাপড়ি।
সদলবলে মতবিনিময় করেছে
হিমবৃত্তান্তের প্রথম আভার রোদে;
পর্যাপ্ত প্রীতির ভিতরকার আশ্বাসে
আধিপত্যের পৌষ ঐ গৌরবে হেসেছে।
শীতকালীন সৌন্দর্যের সব সৌরভ
ছন্দের প্রশ্রয়ে পেয়েছে খুঁজে সঙ্গীত;
অস্তিত্বের সবুজ লতা ঈষৎ ঝুঁকে
ঋতুর সজীব সত্যে ছুঁয়েছে সীমানা।
শীতকালীন সৌন্দর্যের শীত ঠিকুজি,
প্রস্ফুটিত পদাবলির জীবন বুঝি।