আমার নৈঃশব্দ্য নাই
পাহাড়ের আছে ভেবে
সারা দুপুর আরাধ্য এক
পাতা খুলে অবিরাম ঝরা বকুলের গান শুনি
তখনই খেয়াল করেছি পাতার শিরারা
সোনা রঙ হ’য়ে একটা আলোর রেখা
নিমিষেই ভেসে যায়
আমার শূন্যতা খালি তড়পাই
মায়াবী মূর্ছনা নিয়ে পাখি
ভিন্ন কোনো রাগের হামীর করে
এক বুক নোনাপানিতে ডুবতে চায়
আমি চাই বন পেরিয়ে সড়ক
পাহাড়ের স্বরলিপি ভেঙে নিজের উচ্চতা
পাখিরা উড়ুক বুকে।