নদীর নাভিতে মুখ গুঁজে আছে
নীলমেঘ; সে এসেছে চন্দ্রবিন্দু
থেকে বংশীবাদকের নিষ্পাপ
বীণ থেকে বিদগ্ধ দ্বিপ্রহরে
নাভির গভীরে মাছরাঙা খোঁজে
নদীর ছায়া।
অখণ্ড শূন্যতা ভেঙে যখন জেলেনির
একলা ঘরে হানা দিয়েছিল মধ্যরাত
নদীর নাভিতে বজ্র মেঘের
সে কী উল্লাস;
শিশিরে ভেজে রাতের কাব্যকলি
মাছরাঙার তৃষিত চোখের গ্রাফিতি।