একটি ভোর কিনে দেবো তোমাকে
দেখবে ভোরের নরম ধবধবে আলোয়
সাদা শাপলা ফোটা বিলে
জেলেদের মাছ ধরার শ্রম ও সাধনা।
ভোরে ফাগুনের
বিলের জলে পা ডুবিয়ে
সূর্যোদয় দেখতে দেখতে বলবো তোমাকে ‘সুপ্রভাত’
একটি বিকেল কিনে দেবো তোমাকে
দেখবে সুরমার জলে কীভাবে
পড়ন্ত বিকেলের সোনালি আভা জলের সঙ্গে খেলা করে
একটি সন্ধ্যা কিনে দেবো তোমাকে
দেখবে হলুদ শর্ষেফুলে মৌমাছিরা
কীভাবে হুল ফুটিয়ে
বিন্দু বিন্দু মধু চুষে নিয়ে
ফিরে যায় প্রিয় রমণীর ঘরে
সেই সন্ধ্যায় বিস্তীর্ণ মাঠে
শিশিরভেজা ঘাসে হাঁটতে হাঁটতে
দিগন্তরেখা দেখতে দেখতে
বলবো তোমাকে ‘শুভসন্ধ্যা’