মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সাহিত্য ও সংস্কৃতি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলোও বদলায়। আমাদের বর্তমান সময়ের গল্প, চিন্তা ও সংস্কৃতি বুঝতে হলে জেন-জি প্রজন্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা, করোনা-পরবর্তী বিশ্ব এবং সাম্প্রতিক পরিবর্তনগুলোকে মাথায় রাখতে হবে।
সাহিত্য ও সংস্কৃতির রূপ বোঝা যায়, কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য একক সংজ্ঞা দেওয়া কঠিন। সমাজ ও সভ্যতার ভেদে এগুলো নিয়ে আলোচনা ও বিতর্ক ছিল এবং থাকবে। সংস্কৃতি মূলত শিল্প, নান্দনিকতা ও চিন্তার বহিঃপ্রকাশ। ইতিহাস বলে, প্রজ্ঞা ও সচেতনতার সমন্বয়েই সুন্দর সংস্কৃতি গড়ে ওঠে।
সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। এটি পরিবর্তনের সাক্ষী, সময়ের সঙ্গে নতুন কিছু যুক্ত হয়, কিছু হারিয়ে যায়। আমাদের পোশাক, ভাষা, শিল্প, ধর্মীয় বিশ্বাস, খাদ্যাভ্যাসসহ জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রেই সংস্কৃতির প্রভাব রয়েছে।
আগের মতো ব্যাপক পরিসরে মাঠে রাখাল গরু চরায় না, মাঝিরা পালতোলা নৌকায় গান গায় না, গাড়োয়ানরা গরুর গাড়ি চালায় না। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে সাহিত্য-সংস্কৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তরুণ প্রজন্ম নতুন চিন্তা-ভাবনা নিয়ে এগোচ্ছে এবং বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে মিশছে। এতে পরিচিত পরিবেশ অনেক সময় বদলে যাচ্ছে।
বিশ্বায়নের এই যুগে পরিবর্তনকে এড়ানো সম্ভব নয়। তাই আমাদের উচিত দেশীয় সংস্কৃতির মূল উপাদানগুলোর সঙ্গে আধুনিকতার সংযোগ তৈরি করা। পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি, কারণ না হলে অনেক ঐতিহ্যই হারিয়ে যাবে।
বর্তমান বিশ্বে চলমান অস্থিরতা ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাব ফেলছে, যা সাহিত্য ও সংস্কৃতিতেও প্রতিফলিত হচ্ছে। গল্প, উপন্যাস, কবিতার বিষয়বস্তু পরিবর্তিত হচ্ছে। সমাজ ব্যক্তির ওপর গড়ে ওঠে, তাই আমাদের শাস্ত্র, লোকাচার, রীতি ও ঐতিহ্য ধরে রাখার মধ্যেই ভবিষ্যৎ সংস্কৃতির পথ তৈরি হবে।
বাঙালির পারিবারিক জীবন ও মানসিকতা দীর্ঘ সাংস্কৃতিক বিবর্তনের ফল। প্রতিটি সংস্কৃতি সময়ের সঙ্গে বদলায় এবং অন্য সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে। তবে আজকের বাস্তবতায় মানুষ সাহিত্য ও সংস্কৃতি নিয়ে খুব বেশি ভাবার সুযোগ পাচ্ছে না। এখন সবার চিন্তার কেন্দ্রে টিকে থাকার সংগ্রাম, অর্থনৈতিক উন্নয়ন ও বস্তুবাদী লক্ষ্য। সাহিত্য-সংস্কৃতির আনন্দে ডুবে যাওয়ার সময় যেন হারিয়ে গেছে।
ব্যক্তির বিকাশ থেকেই সমাজের সৃষ্টি। সমাজের কাঠামো নির্দিষ্ট কিছু নিয়মে পরিচালিত হলেও ব্যক্তির চিন্তা ও বিকাশের নির্দিষ্ট কোনো গতি থাকে না। বিদ্যালয় প্রাথমিকভাবে সহায়তা করলেও মূলত ব্যক্তি নিজেই নিজের গঠন তৈরি করে নেয়। স্বাধীন চিন্তা ও মুক্ত চেতনার বিকাশ তখনই সম্ভব, যখন রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ উন্মুক্ত থাকে।
সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ। তাই কল্যাণ রাষ্ট্রের ধারণা গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও সমাজ দৃশ্যমান না হলেও, তাদের কাজ ও প্রভাব স্পষ্ট। তবে মানুষের স্বাধীন মন সব সময় সমাজের রীতি বা রাজনৈতিক নিয়ম মেনে চলতে চায় না, ফলে দ্বন্দ্ব তৈরি হয়।
রাজনীতি নিয়ম ও আইনকে অগ্রাধিকার দেয়, যেখানে শিল্প ও সংস্কৃতি মানুষের আবেগ ও সৃজনশীলতার প্রকাশ। অনেক সময় রাজনীতি ব্যক্তিস্বাধীনতাকে উপেক্ষা করে, যেখানে সংস্কৃতিমুক্ত চিন্তাধারাকে স্বাগত জানায়। বর্তমান সমাজ বাস্তবতায় সংস্কৃতি সব সময় ব্যক্তির মুক্তির এই সহজাত চাওয়া নিশ্চিত করতে পারে না। তবুও, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ যেমনই হোক, মুক্ত চিন্তার পথ খোলা রাখা জরুরি। না হলে জীবনের গভীর উপলব্ধি সম্ভব হয় না এবং সভ্যতার অগ্রগতি বাধাগ্রস্ত হয়।
সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতি হলো একটি সুস্থ সমাজের ভিত্তি। এগুলোর মধ্যে ভারসাম্য থাকা দরকার, যা প্রকাশ পায় আচরণে। রাজনীতি ও প্রশাসনের আচরণ সমাজের মানবিক বোধ ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্নায়ুযুদ্ধের পর করোনা বিশ্বকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। বর্তমান রাষ্ট্র ও প্রশাসন এখন পরিবর্তিত পরিবেশে টিকে থাকতে লোকপ্রিয়তার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তবে সাহিত্য ও সংস্কৃতির প্রকৃত মূল্যায়ন ও চর্চা ছাড়া মানবিক বিকাশ সম্ভব নয়।
বদলে যাওয়া বিশ্বে মানুষের রুচি, চাহিদা ও দৃষ্টিভঙ্গি দ্রুত পরিবর্তিত হচ্ছে। সংস্কৃতির উপাদানগুলোও প্রতিনিয়ত খাপ খাওয়াচ্ছে। শহর ও গ্রামের মধ্যে পোশাক, খাদ্যাভ্যাসের দূরত্ব কমে আসছে। রাষ্ট্র যেন একক সাংস্কৃতিক সোপান রচনা করছে। ব্যক্তি ও সমাজের মাধ্যমে এই সাংস্কৃতিক রূপান্তর নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।
তবে জেন-জি প্রজন্মের বেড়ে ওঠার বাস্তবতা আলাদা। যৌথ পরিবার কিংবা মফস্বল শহরের ঐতিহ্যগত সংস্কৃতির সঙ্গে তাদের তেমন পরিচয় নেই। ফলে তারা যে সামাজিক ও পারিবারিক পরিবেশে বসবাস করছে, সেটার মূলগত সংযোগ থেকে তারা বিচ্ছিন্ন। আত্মকেন্দ্রিকতার এই প্রবণতা তাদের মানসিক চাপ বাড়িয়ে তুলছে। ফলে জেন-জি প্রজন্মের মধ্যে এক ধরনের নস্টালজিক অনুভূতি তৈরি হয়েছে, যা থেকে একটি নতুন উপ-সংস্কৃতির জন্ম হয়েছে, যেখানে অনেকেই পালানোর মানসিকতায় ভুগছে, নিজেকে গুটিয়ে রাখছে।
সাহিত্য-সংস্কৃতির প্রতি জেন-জি প্রজন্মের আগ্রহ কমে যাওয়ার পেছনে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মুহূর্তেই তথ্য সংগ্রহ করা সম্ভব, তাই নিবিড় পঠন-পাঠনের প্রয়োজনীয়তা তাদের কাছে অনিবার্য মনে হয় না। পাশাপাশি, যন্ত্র ও মানুষের মধ্যে ক্রমবর্ধমান ডিজিটাল সংযোগ ভোগবাদী বিশ্বের প্রয়োজন ও জোগানকে আরও গতিশীল করেছে। ফলে চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাব তরুণদের ভাষা, পোশাক, আচরণ, সব কিছুতেই দৃশ্যমান।
তবে ধর্মীয় বা প্রথাগত সংস্কৃতির কঠোরতা এই প্রজন্মকে খুব একটা আটকে রাখতে পারছে না। তারা যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে আবেগনির্ভর সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কম। এজন্যই পূর্ববর্তী প্রজন্মের সাহিত্য-সংস্কৃতি তাদের ভাবনার জগতে খুব বেশি জায়গা করে নিতে পারছে না।
এদিকে, পুঁজিবাদী বিশ্বে অর্থনীতিই প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। নাগরিক কল্যাণের নামে গণতন্ত্রকে একটি কার্যকরী ব্যবস্থা হিসেবে মান্য করা হলেও, প্রকৃতপক্ষে সমাজ পুঁজিবাদ ও ক্ষমতার দাপটে পরিচালিত হচ্ছে। ফলে সংস্কৃতিও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, সমাজের ক্ষমতাধরদের সঙ্গে তাল মিলিয়ে রং বদলাচ্ছে।
এক সময়ের স্বনির্ভর ও স্বশাসিত গ্রামীণ বাংলার সাংস্কৃতিক কাঠামো আজ যোজন যোজন দূরে সরে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতায় নতুন সংস্কৃতির রূপরেখা তৈরি হচ্ছে, যা আগের সময়ের সঙ্গে একেবারেই ভিন্ন। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের মাঝে জেন-জি প্রজন্ম কি সাহিত্য-সংস্কৃতির প্রতি নতুন করে আগ্রহী হবে, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হয়ে এক ভিন্ন সাংস্কৃতিক বাস্তবতায় প্রবেশ করবে?
গণতান্ত্রিক ব্যবস্থায় সাহিত্য-সংস্কৃতির স্বশাসন ও নিজস্ব রূপরেখা তৈরি করা এক অপরিহার্য বিষয়। তবে এটি কেবল কাঙ্ক্ষিত হলে চলবে না, বরং এটি হতে হবে এক অবধারিত পরিবর্তন-যার মাধ্যমে বৈষম্য ও ভেদহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি কী? আমাদের চাহিদা ও প্রার্থনার মধ্যে কি কোনো সংগতি রয়েছে?
আজকের সমাজে মানুষ আর শুধু মানবিকতা বা আত্মবিকাশের জন্য সংগ্রাম করছে না, বরং অর্থের লোভে দৌড়ে চলেছে। পুঁজির মাধ্যমে সামাজিক অবস্থান নির্ধারণ এখন এক বড় লক্ষ্য। এই প্রেক্ষাপটে, গ্রামীণ কৃষিভিত্তিক যে সংস্কৃতি আমাদের ঐতিহ্য, তা অনেকাংশে হারিয়ে গেছে। গ্রামীণ জীবনধারা, যাত্রা, গান, পুঁথিপাঠ-এগুলো সব নগরায়ণের ঝড়ে কোথাও হারিয়ে গেছে।
এখন, সাংস্কৃতিক পরিমণ্ডলে আধুনিক প্রযুক্তির প্রবাহ একটি অবধারিত বিষয়। গ্লোবাল ভিলেজের ধারণার মধ্য দিয়ে পৃথিবী এক জগতের মতো দেখতে হলেও, আমাদের নিজস্ব সংস্কৃতি এখনো একটি শক্তিশালী অস্তিত্ব হয়ে থাকতে পারে। রাষ্ট্রীয় কাঠামোতে সীমান্ত ও জাতীয়তার বিভেদ কমে গেলেও, প্রযুক্তি আমাদের দেশীয় সংস্কৃতিতে প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক। তবে এর সঙ্গে সাংস্কৃতিক চেতনা, আস্থার সংরক্ষণও প্রয়োজন। আমরা প্রযুক্তির সুফলগুলো গ্রহণ করতে পারি, তবে আমাদের সংস্কৃতি যেন তার শিকড় থেকে বিচ্ছিন্ন না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।
আজকের সাহিত্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সান্নিধ্য আমাদের সামনে নতুন সুযোগ এনে দিয়েছে। তবে এটি কীভাবে আমাদের আর্থ-সামাজিক বাস্তবতায় ইতিবাচক পরিবর্তন এনে দেবে, সেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আমাদের সাহিত্যচর্চার মূল লক্ষ্য হওয়া উচিত-কীভাবে এই প্রযুক্তির সঙ্গে সংগতি রেখে আমরা সমাজের জন্য মূল্যবান কন্টেন্ট তৈরি করতে পারি। এর জন্য প্রয়োজন হবে সমাজ ও শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়া, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শুধু প্রযুক্তির দ্বারা পরিচালিত না হয়ে, বরং দেশীয় সংস্কৃতির প্রতি প্রগাঢ় আগ্রহ ও শ্রদ্ধা বজায় রাখে।
শিক্ষা ব্যবস্থার কথা বললে, আমরা কি বাজার যুগের একমাত্র শিক্ষা চাই, যেখানে শুধু ক্যারিয়ার নির্ভর দক্ষতা অর্জন হবে? নাকি আমাদের সংস্কৃতির সঙ্গে সংগতি রেখে একটি কল্যাণধর্মী শিক্ষা কাঠামো চাই, যা নৈতিক মূল্যবোধ, ঐতিহ্য এবং সংস্কৃতির সংমিশ্রণ ঘটাবে?
আমাদের অতীতের ঋদ্ধ সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্য যে সোনার কাঠি, তা যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা শুধু নিজেদের সাংস্কৃতিক পরিচয় হারাবো না, বরং সমাজের ঐতিহ্যগত শক্তি থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বো। এই দিকটি গুরুত্বসহকারে ভাবতে হবে, বিশেষত যখন আমরা আধুনিক প্রযুক্তির যুগে বাস করছি, যেখানে নতুনত্ব ও বিকাশের সম্ভাবনা সীমাহীন।