কয়েক বছর ধরেই রমজানজুড়ে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে মুক্ত ইফতার। প্রথম রমজান থেকে শুরু হয়ে একবারে শেষ রমজান পর্যন্ত একদল তরুণ-তরুণীর উদ্যোগে এই আয়োজন চলে। যেখানে পথচারী থেকে শুরু করে রিকশাচালক, দিনমজুর, পথশিশু, ভিক্ষুক ও অসহায় মানুষজন এসে যুক্ত হন। ইফতারের সময় যাদের বাসায় ফেরার সুযোগ থাকে না তারাও এসে যুক্ত হন এই মুক্ত ইফতারে। ‘মুক্ততরী’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে একদল তরুণ-তরুণীর উদ্যোগে এ ইফতারের আয়োজন করা হয়ে থাকে। তাদের এই আয়োজনে প্রতিদিন তৃপ্তিভরে ইফতার করতে পারছেন অন্তত দেড় শ মানুষ। প্রতিদিন সন্ধ্যার আগেই ইফতারের প্রস্তুতি শুরু করে দেয় তরুণ-তরুণীরা। তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন।
প্লেট পরিষ্কার, ফল কাটা, শরবত তৈরি এবং ইফতার পরিবেশনের কাজগুলো করেন নিজেরাই। স্বেচ্ছাসেবী পুষ্পিতা সাহা বলেন, ‘২০২২ সাল থেকে আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি। প্রথম রমজান যখন শুরু করি তখন আমাদের হাত শূন্য থাকে। তারপর একে একে সবাই সহযোগিতা করতে শুরু করেছেন।’ স্বেচ্ছাসেবী সংগঠন মুক্ততরীর প্রতিষ্ঠাতা জয় দত্ত বলেন, আমাদের এখানে প্রায় ৪০ জন সদস্য আছি। নিজেদের পাশাপাশি অনেকেই এ উদ্যোগে এগিয়ে আসছেন। আমাদের এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সবাই একসঙ্গে বসে ইফতার করেন।’