মানুষ কবে প্রথম তথ্য লিখে রাখার চেষ্টা করেছিল? এত দিন ধারণা ছিল, প্রায় ৫ হাজার বছর আগে মেসোপটেমিয়ায় কিউনিফর্ম লিপি দিয়ে লেখার শুরু। কিন্তু নতুন এক গবেষণা বলছে, এর অনেক আগেই মানুষ চিহ্ন দিয়ে তথ্য বোঝাতে পারত।
জার্মানির সারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভাষাবিদ ক্রিশ্চিয়ান বেন্টজ এবং বার্লিনের মিউজিয়াম অব প্রিহিস্ট্রি অ্যান্ড আর্লি হিস্ট্রির প্রত্নতত্ত্ববিদ এভা দ্যুতকিয়েভিচ প্রায় ৩ হাজারের বেশি প্রাচীন চিহ্ন বিশ্লেষণ করেছেন। এগুলো পাওয়া গেছে ৪৩ হাজার থেকে ৩৪ হাজার বছর আগের প্রায় ২৬০টি বস্তুতে। দক্ষিণ-পশ্চিম জার্মানির সোয়াবিয়ান জুরা এলাকায় এসব নিদর্শন মিলেছে। এর মধ্যে গাইসেনক্লস্টারলে গুহার ‘অ্যাডোরান্ট’ মূর্তি এবং ফোগেলহার্ড গুহার ম্যামথ দাঁতের মূর্তিও আছে।
গবেষকেরা কম্পিউটার বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে দেখেন, এসব দাগ এলোমেলো নয়। ডট, দাগ, ক্রস চিহ্নের ভেতর তথ্যের ঘনত্ব অনেকটা প্রাচীন প্রোটো-কিউনিফর্ম লেখার মতো। তবে এগুলো আধুনিক ভাষার মতো সরাসরি কথা প্রকাশ করত না। কিছু দাগ হয়তো চাঁদের মাস গণনার ক্যালেন্ডারও বোঝাতে পারে।
এদিকে আরেক গবেষণায় জানা গেছে, হোমো ইরেক্টাস (প্রাচীন মানব প্রজাতি) পূর্ব এশিয়ায় পৌঁছেছিল ধারণার চেয়ে অনেক আগে। চীনের হুবেই প্রদেশের ইউনশিয়ান এলাকায় পাওয়া তিনটি প্রায় সম্পূর্ণ খুলি নতুন পরীক্ষায় দেখা গেছে প্রায় ১৭ লাখ ৭০ হাজার বছরের পুরোনো। আগে মনে করা হতো এগুলো প্রায় ১০ থেকে ১১ লাখ বছরের পুরোনো।
গবেষকেরা বলছেন, এতে বোঝা যায় মানুষ আফ্রিকা থেকে দ্রুত ছড়িয়ে পড়েছিল। দুটি গবেষণা মিলিয়ে নতুন প্রশ্ন উঠেছে—মানুষের চিন্তা ও চলাচলের ক্ষমতা আমরা যতটা ভাবতাম, তার চেয়ে অনেক এগিয়ে ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল