ত্রিদেশীয় ফুটবল সিরিজের শেষ ম্যাচে আজারবাইজানের কাছে হেরেছে বাংলাদেশ। সিনিয়র পর্যায়ে ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলা প্রথম ম্যাচটি আফঈদারা হেরেছে ১-২ গোলের ব্যবধানে। ত্রিজাতি নারী ফুটবল সিরিজের এ গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেছে আজারবাইজান। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিফা র?্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা (৭৪তম) আজারবাইজানকে কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন ঋতুপর্ণা-আফঈদারা। এটি কেবল একটি টুর্নামেন্টের ম্যাচ নয়, বরং বাংলাদেশের নারী দলের জন্য ইউরোপীয় কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা প্রথম ঐতিহাসিক অভিজ্ঞতা। যদিও ম্যাচের ২২ মিনিটে অধিনায়ক জাফারজাদের গোলে লিড নেয় আজারবাইজান। এর ১২ মিনিট পরই স্বপ্না রানীর করা কর্নার আজারবাইজান গোলরক্ষক আইতাজ শারিফোভা ফিস্ট করে ফিরিয়ে দিলেও ফিরতি শটে বাঁ পায়ে দুর্দান্ত গোল করেন মারিয়া মান্দা। সেই গোলে ১-১ ব্যবধানের সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের খেলায় উভয় দলের রক্ষণভাগই ছিল কঠিন। ৮০ মিনিট পর্যন্ত ১-১ সমতা ধরে রেখে ইউরোপিয়ান দলটিকে কঠিন পরীক্ষা দিচ্ছিল বাংলাদেশ। তবে ম্যাচের মোড় পাল্টে যায় ৮৩ মিনিটের মাথায়। আজারবাইজানের ইশরাকের গোলে আবারও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে আজারবাইজান।
বাংলাদেশ ও আজারবাইজান তাদের আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে ত্রিদেশীয় ফুটবল সিরিজ খেলেছে। মার্চে জেমস পিটার বাটলারের মেয়েদের মিশন অস্ট্রেলিয়া। যেখানে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবলারদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। অন্যদিকে আজারবাইজান ২০২৭ সালের ফিফা নারী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে।