এএফবি লাতিন-বাংলা সুপারকাপে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর মুখোমুখি হবে বাফুফের গড়া দল রেড গ্রিন ফিউচার স্টার। আজ সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সুপার কাপে খেলবে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনও। ৮ ডিসেম্বর আর্জেন্টাইন দলটির মুখোমুখি হবে রেড গ্রিন ফিউচার স্টার। ১১ ডিসেম্বর ব্রাজিলের সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন মুখোমুখি হবে। শেষ দিনে ঢাকায় আসার কথা রয়েছে বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ব্রাজিলের সাবেক তারকা কাফু এবং আর্জেন্টিনার ক্যানিজিয়ার। সাবেক এ দুই তারকার সঙ্গে ছবি তোলা ও কথা বলার সুযোগ পাবেন দর্শকরা। প্রতিটি ম্যাচেই লটারির মাধ্যমে বিজয়ী ১০ জনকে এ সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ ছাড়া কাফুর সঙ্গে গালা ডিনারের ব্যবস্থা করা হয়েছে। ১১ ডিসেম্বর রাতের এ গালা ডিনারে অংশ নিতে হলে খরচ করতে হবে ৫০ হাজার টাকা। প্রতিটি ম্যাচেই সাধারণ গ্যালারির টিকিট মূল্য ১ হাজার টাকা। কুইকেট অনলাইনে টিকিট পাওয়া যাবে। এ ছাড়া ম্যাচের দিন স্টেডিয়ামে গিয়েও টিকিট কেনা যাবে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান।
গতকাল এ টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার দলগুলোর কোচ ও অধিনায়কদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলাররা লাতিন ফুটবলের সৌন্দর্য তুলে ধরার কথা বলেছেন।