টানা দুবার অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন টাইগার যুবারা এবার ‘মরুশহর’ দুবাইয়ে গেছে হ্যাটট্রিক শিরোপা জিততে। আজিজুল হাকিমদের যুব এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯। যুব এশিয়া কাপ মাঠে গড়িয়েছে গতকাল। দুই শক্তিশালী প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান মাঠে নেমেছে। দুই দলই সহজ জয় পেয়েছে উদ্বোধনী দিনে। ভারত ২৩৪ রানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে এবং পাকিস্তান ২৯৭ রানে হারিয়েছে মালয়েশিয়াকে। দুই ম্যাচে সেঞ্চুরি হয়েছে তিনটি। ভারতের বৈভব সূর্যবংশী ১৭১ রান করেন ৯৫ বলে ৯ চার ও ১৪ ছক্কায়। পাকিস্তানের সামির মিনহাস ১৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ১৪৮ বলে ১১ চার ও ৮ ছক্কায় এবং আহমেদ হুসেইন ১৩২ রান করেন ১১৪ বলে ৮ চার ও ২ ছক্কায়।
অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে আসরে আজিজুল বাহিনী খেলছে ‘বি’ গ্রুপে। গ্রুপের অন্য দুটি দল শ্রীলঙ্কা ও নেপাল। আজিজুল বাহিনীর দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে ১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আশ্চর্য হলেও সত্যি গত আসরে আজিজুলদের প্রতিপক্ষ ছিল এই তিন দল। আফগানিস্তান ছাড়াও বাকি দুটি ছিল শ্রীলঙ্কা ও নেপাল। গ্রুপ পর্বে আফগানিস্তান ও নেপালকে হারিয়েছিল। হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলেছিল। ফাইনালে হারিয়েছিল ভারতকে। এবারেরটিসহ যুব এশিয়া কাপের টানা চার আসর হয়েছে আরব আমিরাতের দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে। গত আসরে বাংলাদেশের গ্রুপে ছিল আফগানিস্তান। গত আসরও টাইগার যুবারা শুরু করেছিল আফগানদের বিপক্ষে খেলে। সেবার ম্যাচটি জিতেছিল ৪৫ রানে। বাংলাদেশ ২০২০ সালের যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল।