টি-২০ ক্রিকেটে বিরল এক ডাবল সেঞ্চুরির ইনিংস খেলেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অস্ট্রেলিয়ান গ্রেড ক্রিকেটে ৮১ বলে ২২৯ রানে অপরাজিত ইনিংস খেলেন। বৃহস্পতিবার ভিক্টোরিয়ায় অ্যাল্টোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে ২৩ ছক্কা ও ১৪ চারে সাজান তার ডাবল সেঞ্চুরির ইনিংস। টি-২০ ডিভিশন ওয়ান ক্লেনজো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডে ২৮২.৭১ স্ট্রাইক রেটে ব্যাট করেন এডওয়ার্ডস। মাত্র ২৩ বলে পূর্ণ করেন তার হাফ সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালে স্বীকৃত টি-২০’র ইতিহাসে ১৭৫ রানের অপরাজিত ইনিংসের রেকর্ড গড়েন ক্রিস গেইল। তবে এডওয়ার্ডস এমন ঝোড়ো ইনিংস খেললেও এই গ্রেড ক্রিকেটের টি-২০ স্বীকৃতি নেই। তাই ইনিংসটি এডওয়ার্ডসের প্রথম টি-২০ সেঞ্চুরি হিসেবেও গণ্য হচ্ছে না। এডওয়ার্ডসের দল অ্যাল্টোনা ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রান করে। জবাবে উইলিয়ামস ল্যান্ডিং ১১৮ রানে অলআউট হয়। ১৮৬ রানের বিশাল জয় পায় অ্যাল্টোনা।