আর মাত্র কয়েক মাস পরই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। ৪৮ দলের এ লড়াই দেখতে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী অপেক্ষায় আছেন। বিশেষ করে ফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই। তবে টিকিটের আকাশছোঁয়া মূল্যে হতাশ ফুটবলপ্রেমীরা। ফিফা আগেই ঘোষণা করেছিল, টিকিটের মূল্য নাগালের মধ্যেই রাখা হবে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত ২০২৬ বিশ্বকাপের টিকিটের দামের তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বে বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ১৮০ (২১ হাজার ৯৫৫ টাকা) থেকে ৭০০ ডলারের (৮৫ হাজার ৩৮৪ টাকা) মধ্যে। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ৪ হাজার ১৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ১০ হাজার টাকা)। সবচেয়ে দামি টিকিটের মূল্য ৮ হাজার ৬৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা)। ফাইনাল ম্যাচ দেখতে হলে পাঁচ লাখেরও বেশি টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। অন্যান্য খরচ মিলে বিশাল অঙ্ক। টিকিটের এ উচ্চ মূল্যের প্রতিবাদ জানিয়েছে ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’। বিবিসি বলছে, টিকিট বিক্রি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) তাদের বিবৃতিতে বলেছে, ‘বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি এটি বিরাট বিশ্বাসঘাতকতা, এটাকে (বিশ্বকাপ) আরও আকর্ষণীয় করতে সমর্থকদের অবদানকে পাত্তা দেওয়া হয়নি।’ সমর্থকগোষ্ঠী এফএসই জাতীয় অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে ফিফার কাছে, ‘যতক্ষণ না পর্যন্ত এমন একটি সমাধান পাওয়া যাচ্ছে, যা বিশ্বকাপের ঐতিহ্য, সর্বজনীনতা এবং সাংস্কৃতিক গুরুত্বকে সম্মান করে।’