দেশে প্রথমবারের মতো ব্যাডমিন্টর প্রতিভা খোঁজার উদ্যোগ নিয়েছে ব্যাডমিন্টন বাংলাদেশ। ‘মোবাইল ফেলে ব্যাডমিন্টন কোর্টে চলো’ এমন স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম শুরু করছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠানটি। ব্যাডমিন্টন প্রতিভা খোঁজার এমন উদ্যোগটি নিয়েছেন মূলত এনায়েত উল্লাহ খান ও তার স্ত্রী এলিনা সুলতানা। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের লেভেল টু সার্টিফায়েড দুই কোচের সঙ্গে বাছাইয়ে তাদের সহযোগী হবেন আরও এক ঝাঁক দক্ষ কোচ। দেশের প্রতিটি বিভাগ এবং জেলা শহরে ২০২৬ সালের জানুয়ারি থেকে দুটি বয়স শ্রেণিতে টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভা খোঁজা হবে। অনূর্ধ্ব-১৪ গ্রুপে ৬ থেকে ১৪ বছর বয়সি এবং ১৫ থেকে ১৯ বছর বয়সিদের জন্য থাকছে অনূর্ধ্ব-১৯ গ্রুপ। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রে থাকা স্থায়ী ঠিকানা অনুযায়ী www.badmintonbangladesh.com প্রতিযোগীর ঠিকানা উল্লেখ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ১ হাজার টাকা অ্যান্ট্রি ফি দিতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।