রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ প্রতিদিন। গতকাল মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মানবজমিনকে ৪ উইকেটে হারিয়েছে। প্রথম ব্যাটিংয়ে নেমে মানবজমিন ৬ ওভারে ৯৩ রান করে। সর্বোচ্চ ২০ রান করেন সুমন। হাসিব ১৪ ও শুভ ১২ রান করেন। বাংলাদেশ প্রতিদিনের পক্ষে ১টি করে উইকেট নেন জাহাঙ্গীর, তাওসিফ ও সুদীপ্ত। জবাবে ২ বল হাতে রেখে ৯৬ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ প্রতিদিন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে ম্যাচসেরা হন তাওসিফ।
এ ছাড়া তানভীর ২০ ও সুদীপ্ত ১৯ রান করেন। বাংলাদেশ প্রতিদিন দলে ছিলেন রেজাউল, সুদীপ্ত, তাওসিফ, মামুন, জাহাঙ্গীর ও তানভীর। প্রথম দিনে জয় পেয়েছে দৈনিক কালের কণ্ঠ, দি ডেইলি সান, সময় টিভি, জাগোনিউজ, ক্রিকফ্রেনজি, চ্যানেল আই ও দি ডেইলি স্টার। মিডিয়া কাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া বিসিবি পরিচালক ও রংপুর রাইডার্সের উপদেষ্টা মেহরাব আলম চৌধুরী এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।