বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটির ‘জুলকান ইনডোর অ্যারেনা’। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্সিং ব্যক্তিত্ব ও অ্যারেনার হেড কোচ অরবিন্দ লালওয়ানির প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিন দিনব্যাপী একটি বিশেষ ‘ফ্রি কমব্যাট স্পোর্টস প্রশিক্ষণ’ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আজ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্পটি পরিচালিত হবে। এই বিশেষ কর্মসূচির নেতৃত্ব দেবেন কিংবদন্তি কোচ অরবিন্দ লালওয়ানি। তিনি সিঙ্গাপুরের সাবেক জাতীয় বক্সিং কোচ, অলিম্পিক ব্রোঞ্জ মেডেলিস্ট এবং ডব্লিউবিসি এশিয়া অ্যাম্বাসেডর। বিশ্বজুড়ে এলিট ফাইটার তৈরির কারিগর হিসেবে তাঁর ব্যাপক সুখ্যাতি রয়েছে। তিন দিনব্যাপী এই ফ্রি সেশনে অংশগ্রহণকারীরা বক্সিং, কিকবক্সিং, মুয়াই থাই এবং মিক্সড মার্শাল আর্টসের বেসিক থেকে অ্যাডভান্সড কৌশলগুলো শেখার সুযোগ পাবেন। কোচ অরবিন্দ লালওয়ানি বলেন, ‘পরবর্তী প্রজন্মের ফাইটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এই উদ্যোগটিকে আমি স্বাগত জানাই। জুলকান অ্যারেনার বিশ্বমানের সুবিধাগুলো দক্ষতা উন্নয়ন ও চ্যাম্পিয়ন গড়ে তোলার জন্য একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে।’ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মো. মহসিনুল করিম (অব.), হেড অব অপারেশন মাসুদুর রহমান মান্না এবং চেয়ারম্যানস কো-অর্ডিনেশন টিমের চিফ মার্কেটিং অফিসার জিয়াউল হক শিকদার।