ভবিষ্যতের তারকা ক্রিকেটার খুঁজে পেতে আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের আয়োজন করে ১৯৮৮ সালে। যুব বিশ্বকাপের প্রথম আসরে খেলেছিলেন ব্রায়ান লারা, ইনজামাম উল হক, আকিব জাভেদ, ক্রিস কেয়ার্নস, মাইক আথারটন, নাসের হুসেন, স্টুয়ার্ট ল, সনাথ জয়াসুরিয়াদের মতো তারকা ক্রিকেটার। প্রথম আসরে খেলেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও হারুনুর রশীদ লিটন। প্রথম আসরের পর দ্বিতীয় আসরের গ্যাপ ছিল ১০ বছর। এরপর থেকেই নিয়মিত বসছে যুব বিশ্বকাপ। সর্বশেষ আসর বসেছিল ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায়। যুব বিশ্বকাপের সর্বশেষ চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ফাইনালে অসিরা হারিয়েছিল ভারতীয় যুবাদের। জিম্বাবুয়েতে আজ শুরু হচ্ছে ১৬ জাতির অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। বিশ্বকাপের সূচনা দিনে খেলা তিনটি। বুলাওয়েতে মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। হারারেতে খেলবে স্বাগতিক জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। উইন্ডহোকে নবাগত তাঞ্জানিয়া যুবাদের প্রতিপক্ষ একবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার। প্রতিপক্ষ প্রতিবেশী ভারত। আজিজুল হাকিম টাইগার যুবাদের নেতৃত্ব দেবেন। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনাল ৬ ফেব্রুয়ারি। প্রথম সেমিফাইনাল ৩ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় সেমিফাইনাল ৪ ফেব্রুয়ারি।
ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো যুব বিশ্বকাপের ট্রফি জিতেছে বাংলাদেশও। ২০২০ সালে আকবর আলির নেতৃত্ব বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। টাইগার যুবাদের ওই দলের পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, শাহাদাত হোসেন দীপু, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামরা জাতীয় দলে খেলছেন। টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন-হৃদয়, সাইফ, শামীম, ইমন, তানজিদ, তানজিম, শরিফুলরা। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে দ্বিতীয় শিরোপা জয়ের টার্গেটে। এবার টাইগার যুবাদের পক্ষে খেলছেন আজিজুল হাকিম, জাওয়াদ আবরার, সামিয়ুন বাশির, রিজান হোসেন, ইকবাল হোসেনদের মতো নির্ভরযোগ্য ক্রিকেটার।
‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ভারতের বিপক্ষে আজিজুল বাহিনীর প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি বুলাওয়েতে। ২০ জানুয়ারি বুলাওয়েতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ২৬ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ। আগের ১৫ আসরে ভারত পাঁচবার, অস্ট্রেলিয়া চারবার, পাকিস্তান দুবার এবং একবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
আজকের ম্যাচ
ম্যাচ ভেন্যু
ভারত- যুক্তরাষ্ট্র বুলাওয়ে
জিম্বাবুয়ে-স্কটল্যান্ড হারারে
তাঞ্জানিয়া-ও. ইন্ডিজ উইন্ডহোক