ইংলিশ লিগ কাপের (ইএফএল কাপ) ফাইনালে এক পা দিয়ে রেখেছে পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যানসিটির পক্ষে সিমেনিও এবং চেরকি একটি করে গোল করেন। ২০২০-২১ মৌসুমের পর প্রথমবারের মতো লিগ কাপে ফাইনালের পথে আছে ম্যানসিটি। এ টুর্নামেন্টে সবচেয়ে সফল ক্লাব লিভারপুল। তারা ১০ বারের চ্যাম্পিয়ন। ম্যানচেস্টার সিটি আটবার চ্যাম্পিয়ন হয়ে তালিকার দুই নম্বরে আছে। গতবার লিভারপুলকে হারিয়ে লিগ কাপ জয় করে নিউক্যাসল। সেই নিউক্যাসলকে হারিয়েই এবার ফাইনালের পথে ছুটছে ম্যানসিটি। দ্বিতীয় লেগে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে গার্ডিওলার শিষ্যদের। অপর সেমিফাইনালের প্রথম লেগে গত রাতে মুখোমুখি হয়েছে চেলসি ও আর্সেনাল। আর্সেনাল ১৯৯২-৯৩ মৌসুমের পর আর এ ট্রফি জিততে পারেনি।
অন্যদিকে চেলসি সর্বশেষ লিগ কাপ জয় করেছে ২০১৪-১৫ মৌসুমে। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি শুরুর দিকে তেমন ভালো খেলতে পারেনি। তবে বর্তমানে দলটি দারুণ খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগেও শিরোপার লড়াইয়ে টিকে আছে পেপ গার্ডিওলার দল।