আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঠেও দেখা গেল ‘মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া’ ইস্যুর প্রভাব। এ ঘটনার পর বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছে গেছে। এতদিন ভারত-পাকিস্তান ক্রিকেট অধিনায়করা মাঠে হাত না মিলিয়ে উদাহরণ স্থাপন করেছেন। এবার বাংলাদেশ ও ভারতের অধিনায়করাও একই পথে হাঁটতে শুরু করলেন। গতকাল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে টসের পর হাত মেলাননি দুই দলের ক্রিকেটার। বাংলাদেশের পক্ষে টসে অংশ নেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। ভারতের পক্ষে টসে ছিলেন অধিনায়ক আয়ুশ মাত্রে। বৃষ্টির কারণে বারবার বাধাগ্রস্ত হওয়ার পর ম্যাচে ডিএলএস মেথডে বাংলাদেশের যুবাদের ১৮ রানে হারিয়েছে ভারত।
গতকাল টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮.৪ ওভারে ২৩৮ রান করে অলআউট হয় ভারত। বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় এক ওভার কেটে নেন ম্যাচ কমিশনার। ম্যাচ দাঁড়ায় ৪৯ ওভারে। একের পর এক উইকেট শিকার করে ভারতীয় ইনিংসে ত্রাস তৈরি করেন আল ফাহাদ, আজিজুল হাকিম, ইকবাল হোসেন ইমনরা। অবশ্য ভারতের তরুণ তারকা বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডুর ব্যাটিংয়ে ধ্বংস্তূপ থেকে বেরিয়ে লড়াকু সংগ্রহ গড়ে ভারত। বৈভব ৬৭ বলে ৭২ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার। এ ছাড়া অভিজ্ঞান কুন্ডু করেন ১১২ বলে ৮০ রান। তিনি ৪টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান। ভারতীয় ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের রান সংগ্রহ করেন কণিষ্ক (২৮ রান) ও দীপেশ দেবেন্দ্রানও (১১ রান)। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ভারতীয় ইনিংসে প্রথম আঘাত হানেন আল ফাহাদ। তিনি ৩৮ রান দিয়ে মোট ৫ উইকেট শিকার করেন। ইকবাল হোসেন ইমন ২টি, অধিনায়ক আজিজুল হাকিম ২টি এবং শেখ পারভেজ জীবন ১টি উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান তোলার দিকে মনোযোগী হয় বাংলাদেশ। জাওয়াদ আবরার ৩ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেও রিফাত বেগ ও আজিজুল হাকিম দলের খাতায় রান যোগ করতে থাকেন। রিফাত বেগ ৩৭ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন। উইকেটে টিকে থাকেন অধিনায়ক আজিজুল হাকিম (৩২*) ও কালাম সিদ্দিকি (৮*)। বাংলাদেশের যুবারা ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ডিএলএস মেথডে দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫। বাংলাদেশ ১৪৬ রান করে অলআউট হয়। অধিনায়ক আজিজুল হাকিম সর্বোচ্চ ৫১ রান করেন। এ ছাড়া রিফাত বেগ করেন ৩৭ রান। ভারতের পক্ষে ৪ উইকেট শিকার করেন বিহান মালহোত্রা।