বিশ্ব টেনিসের সবচেয়ে বড় আসর চারটি গ্র্যান্ড স্ল্যাম। প্রতি বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু হয় টেনিস মহা উৎসব। আজ থেকে মেলবোর্ন পার্কে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। এটি টুর্নামেন্টের ১১৪তম আসর। বিশ্ব টেনিসের এ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার পুরুষ এককে এবারের তিন ফেবারিট-কার্লোস আলকারাজ, জ্যানিক সিনার ও নোভাক জোকোভিচ। আর নারী এককে অ্যারিনা সাবালেঙ্কা, ইগা সুয়াটেক ও ম্যাডিসন কিসকে ধরা হচ্ছে অন্যতম ফেবারিট। আজ শুরু হয়ে এ প্রতিযোগিতার ফাইনাল গড়াবে ১ ফেব্রুয়ারি। এবারের আসর রেকর্ড ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রাইজমানি, যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। এদিকে মেলবোর্ন পার্কে ছয়টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ও মোট ২০টি মেজরের মালিক কিংবদন্তি রজার ফেদেরারকে বিশেষ সম্মাননা দেবে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। টুর্নামেন্টের পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন ইতালির জ্যানিক সিনার। টানা দুবারের শিরোপাধারী এবারও ফেবারিট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান বিশ্বের এক নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজ। সেই সঙ্গে ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকেও রাখতে হবে এ তালিকায়। জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেভেরভকেও রাখা যাচ্ছে না ফেবারিট তালিকার বাইরে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন জেভেরভ।