সাফ ফুটসালে দুরন্ত সূচনা করেছিল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল ভারতকে। দ্বিতীয় ম্যাচে সে বাংলাদেশই কি না হারতে হারতে ড্র করল ভুটানের সঙ্গে। ৩-৩ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দেশের মেয়েরা। আসলে ফুটসালে কে যে শক্তিশালী বা দুর্বল তা বোঝা মুশকিল। সাফ ফুটবল হলে ভারতকে হারানোর পর ভুটানকে হারানোর কথা। অথচ ফুটসালে তার উল্টোটা হতে চলেছিল। সত্যি বলতে কি অনেকের ধারণা ছিল সাবিনা খাতুনরা যখন ভারতকে হারাতে পেরেছেন তখন তো ভুটানের বিপক্ষে জয় আসবেই। সেখানে কি না হারতে বসেছিল বাংলাদেশ।
গতকাল থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আগের ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করা ভুটান রুখে দিয়েছে বাংলাদেশকে। যে নৈপুণ্য প্রদর্শন করেছেন ভুটানি মেয়েরা তাতে তাদের না জেতাটা ছিল হতাশাজনক। পাঁচ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে এগিয়ে যায় তারা। জামিয়াং চোডেন কোনাকুনি শটে গোলটি করেন।
দুই মিনিট পর অবশ্য সুমাইয়া মাতসুশিমা দূরপাল্লার শটে ম্যাচে সমতা ফেরান। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুটানকে ২-১ গোলে এগিয়ে রাখেন লাহবো। কিছুক্ষণ পর লাহবো নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলে বাংলাদেশের পরাজয়ের শঙ্কা পেয়ে বসে। কিন্তু ম্যাচের পাঁচ মিনিট অধিনায়ক সাবিনা ও মাসুরা পারভীন দুই গোল করে পরাজয় রক্ষা করেন।