সাবিনা খাতুনের নেতৃত্বে টানা দুবার সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জাতীয় দল। চলতি বছরেই আরেকটি সাফ হওয়ার কথা। তখন নেতৃত্ব তো দূরের কথা সাবিনা দলে সুযোগ পাবেন কি না তা অনিশ্চিত। তবে আরেক ইতিহাস লেখার সম্ভাবনা রয়েছে সাবিনার নেতৃত্ব দেওয়া বাংলাদেশের। আর তা ফুটসাল। ফুটবলের অংশ হলেও এ খেলার সঙ্গে খুব একটা পরিচিত নন মেয়েরা। এবারই কোনো প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। আর তাতেই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ ফুটসালে বাংলাদেশ দ্বিতীয় জয় পেয়েছে। সাবিনারা শুরুটা করেছিলেন ভারতকে ৩-১ গোলে হারিয়ে। পরেরটা ভুটানের সঙ্গে ৩-৩-এ ড্র করেছে। তৃতীয় ম্যাচেই জয়ে ফিরেছে বাংলাদেশ। নেপালকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপার কাছেই অবস্থান করছেন সাবিনা, কৃষ্ণা, মাসুরারা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ।
গতকাল ব্যাংককের নন থাবুরি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪০ মিনিটের লড়াইয়ে প্রাধান্য বিস্তার করে নেপালকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। নেপালের সান্ত্বনা ছিল প্রথমার্ধের ২০ মিনিটের লড়াইয়ে তারা ১৩ মিনিট পর্যন্ত বাংলাদেশকে গোল করতে দেয়নি। এরপরই প্রতিরোধ ভেঙে এগিয়ে যায় বাংলাদেশ। অনিতার কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণা রানি সরকার ছোট পাস দেন সাবিনাকে। নিখুঁত শর্টে জালে বল পাঠান বাংলাদেশের অধিনায়ক। বিরতির আগে কৃষ্ণা একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন। পরে লিপি সরকার দলের তৃতীয় গোল করে বিজয় নিশ্চিত করেন। রাউন্ড লিগ পদ্ধতি ম্যাচে আগামীকাল সাবিনাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে খেলা বাকি থাকবে।