ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। শুধু ভারতের মাটিতে খেলা নয়, গ্রুপ পাল্টে ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠিও লেখে বিসিবি। দুই সপ্তাহ ধরে টি-২০ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ-ভারত-আইসিসি ত্রিমুখী যে জটিলতার সৃষ্টি হয়েছে, লিটন দাস সেটা দেখছেন খুব কাছ থেকে। কিন্তু এ সময়ে বিসিবি কখনোই টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার বা দলনায়ক লিটনের সঙ্গে আলোচনা করেনি। সিলেট টাইটানসের বিপক্ষে গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুর হেরে যায় শেষ বলে ক্রিস ওকসের ছক্কায়। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে লিটন জানান, ‘বিশ্বকাপ নিয়ে আমার সঙ্গে এ বিষয়ে বিসিবির কারও সঙ্গে আলোচনা হয়নি আমার।’ রংপুরের বিদায়ে লিটনের বিপিএল শেষ। এখন অপেক্ষা টি-২০ বিশ্বকাপের। ৭ ফেব্রুয়ারি শুরু টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলবেন কি না- সে প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, বিশ্বকাপ খেলব কি না, তা নিশ্চিত নয়। বিশ্বকাপে আদৌ যাব কি না, বলতে পারছি না।’ এরপর তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি...?’ টি-২০ বিশ্বকাপের পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক এখন পুরোপুরি শীতল। রাজনৈতিক সম্পর্কও ভালো নয়। রাজনৈতিক বৈরিতা নিয়ে প্রশ্ন শেষ করতে না দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন বলেন, ‘আমি বুঝতে পারছি আপনি কী প্রশ্ন্ন করবেন। এটা আমার জন্য নিরাপদ নয়, উত্তর নেই...।’