রংপুর রাইডার্স-সিলেট টাইটান্স এলিমিনেটর ম্যাচে শেষ ওভারের সমীকরণ ছিল ৯ রান। শেষ বলে ক্রিস ওকসের ছক্কায় জিতেছিল সিলেট। রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালসের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের শেষ ওভারের সমীকরণও ছিল ৯ রানের। টার্গেট টপকাতে ৯ রান প্রথম ৩ বলে তুলে সবার আগে ফাইনালে ওঠে চট্টগ্রাম রয়্যালস। ফাইনালে ওঠার ম্যাচটি চট্টগ্রাম ৬ উইকেটে হারায় রাজশাহীকে। লিগ পর্বে দুবার মুখোমুখি হয়েছিল দল দুটি। দুই দলই পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছিল। গতকাল মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে দুই দল মুখোমুখি হয় ফাইনালে উঠতে। হারলেও ফাইনাল খেলার আশা টিকে আছে নাজমুল হোসেন শান্তর রাজশাহীর। আজ সন্ধ্যা ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী মুখোমুখি হবে সিলেট টাইটান্সের।
লো স্কোরিং এলিমিনেটর ম্যাচটির ফল হয়েছে শেষ বলে। দিনের দ্বিতীয় ম্যাচেও খুব বড় স্কোর হয়নি। টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেনের রাজশাহী ১৩৩ রানে অলআউট হয় ২০ ওভারে। অথচ দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম ৫.৪ ওভারে ৩০ রানের ভিত দেন। সাহিবজাদা ২১ রান করেন ১৯ বলে ২ চার ও এক ছক্কায়। তানজিদ দলীয় সর্বোচ্চ ৪১ রান করেন ৩৭ বলে ৩ চার ও এক ছক্কায়। দুই ওপেনারের পরের ব্যাটাররা ব্যর্থ হন ব্যাট হাতে। দলনায়ক নাজমুল ৮, মুশফিকুর রহিম ০, আকবর আলি ৩, জেমস নিশাম ৬ ও জেমস বার্ল ৩ রান করেন। তখন মনে হচ্ছিল দলে স্কোর তিন অঙ্কের ঘর পেরোবে না। শেষ দিকে আবদুল গাফ্ফার সাকলাইন ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩২ রান করেন। ফাইনাল খেলতে চট্টগ্রামের টার্গেট ১৩৪ রান। ওভারপ্রতি ৬.৬৬ রান করতে হবে মেহেদি হাসানের দলকে। দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও মির্জা বেগ ১১.৩ ওভারের ৬৪ রানের ভিত দেন। বিপিএলের একমাত্র কোটিপতি ক্রিকেটার নাঈম ৩০ রান করেন ৩৮ বলে ৩ চারে। বেগ করেন ৪৫ রান।