নেপালের কীর্তিপুরে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল স্বর্ণা আক্তারের অলরাউন্ড নৈপুণ্যে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে পরাজিত করেছে নিগার সুলতানার দল। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে পাপুয়া নিউগিনি ৯ উইকেটে ১৩৮ রানে থমকে যায়। টানা দ্বিতীয় জয়ের ফলে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নিগার বাহিনী। এ-গ্রুপে পাঁচ দলের লড়াইয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিগারদের পরবর্তী ম্যাচ আগামীকাল নামিবিয়ার বিপক্ষে।
গতকাল তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার রীতিমতো তাণ্ডব চালান প্রতিপক্ষের বোলারদের ওপর। মাত্র ১৪ বলে খেলেছেন ৩৭ রানের ইনিংস। মারেন ১ চার ও ৪ ছক্কা। এ ৪টি ছক্কায় তিনি বাংলাদেশের নারী টি-২০তে নয়, লাল-সবুজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার যিনি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েন। ২৬৪.২৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এ ম্যাচসেরা। টি-২০তে আগের রেকর্ড তিন ছক্কা ছিল যৌথভাবে আয়েশা রহমান, সানজিদা ইসলাম ও নিগার সুলতানার। ওয়ানডেতে তিন ছক্কা মারা একমাত্র ব্যাটার স্বর্ণাই। রান তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনির অধিনায়ক ব্রেন্ডা তাউ ৩৫ রান করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা সুবিধা করতে পারেনি। বাংলাদেশের পক্ষে প্রায় সব বোলারই উইকেটের দেখা পেয়েছেন। স্বর্ণা আক্তার বল হাতেও ১ ওভারে ৬ রান দিয়ে এক উইকেট শিকার করেন।