টি-২০ নারী বিশ্বকাপ ক্রিকেটে বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গতকাল নেপালের কির্তিপুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বাংলাদেশের মেয়েরা ৮০ রানে হারিয়েছে নামিবিয়াকে। এ জয়ে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করলেন নিগার সুলতানারা। সুপার সিক্সে সুযোগ পাওয়া শীর্ষ চার দেশ বিশ্বকাপে খেলবে। অর্থাৎ বাংলাদেশকে সেরা চারে থাকতে হবে। আগের দুটি ম্যাচে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনিকে হারায় বাংলাদেশ। নামিবিয়া টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান তোলে লাল-সবুজের দল। সোবহানা মোস্তারি ২৩ বলে সর্বোচ্চ ২৭ রান করেন। দিলারা আক্তার ১৭ বলে ২৫ রান করেন। সিলভিয়া শিহপো ২১ রানে ২ উইকেট পান। সাইমাতু ২ উইকেট পেলেও রান দেন ৩৪। পুরুষ বা মহিলা টি-২০ ক্রিকেটে ১৪৫ রান বড় কোনো টার্গেট নয়। ব্যাট করতে নেমে নামিবিয়া শুরু থেকে বিপর্যয়ে পড়ে।
সত্যি বলতে কী, নিগারদের মারাত্মক বোলিংয়ের সামনে আফ্রিকার দেশটি দাঁড়াতে পারেনি। ১৭.৫ ওভার খেলে তারা ৬৪ রানে অলআউট হয়ে যায়। সানজিদা আক্তার মেঘলা সবচেয়ে সফল বোলার ছিলেন। ১৪ রানে তিনি ৪ উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। রাবেয়া খাতুন ও ফাহিমা খাতুন ৩টি করে উইকেট নিয়েছেন।
নামিবিয়া দলে একটি করে ছক্কা ও চারে সর্বোচ্চ ১৯ রান করেন অধিনায়ক সুলেডিটেমান। গোরাসিস দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশ ২০ ওভারে ১৪৪/৭
নামিবিয়া ১৭.৫ ওভারে ৬৪/১০