সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা থেকে আর মাত্র একটা জয়ের দূরত্বে অবস্থান করছে বাংলাদেশ। গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে পাকিস্তানকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছেন সাবিনা খাতুনরা। এই জয়ে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। সামনের ম্যাচে মালদ্বীপকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবেন সাবিনা খাতুনরা। গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই একের পর এক গোল করতে শুরু করেন বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুন ৮, ১৬, ৩৪ ও ৪০ মিনিটে চারটি গোল করেন। এ ছাড়া নওশন জাহান ১০ ও ১২ মিনিটে এবং কৃষ্ণা রানী সরকার ১৬ ও ৩২ মিনিটে দুটি করে গোল করেন। নিলুফা ১০ মিনিটে একটি গোল করেন বাংলাদেশের পক্ষে। পাকিস্তানের আনমুল হিরা ৩৩ মিনিটে একটি গোল করলেও দলের বড় পরাজয় রুখতে পারেননি। বাংলাদেশের মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবারের চ্যাম্পিয়ন। ২০২২ ও ২০২৪ সালে সাবিনা খাতুনের নেতৃত্বেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশকে শিরোপা উপহার দিতে যাচ্ছেন সাবিনারা! টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে ১০ গোল করে তালিকার শীর্ষে আছেন সাবিনা। চার ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে থাকা ভারতই এখন কেবল বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী। অবশ্য গত রাতে ভারত পয়েন্ট হারিয়ে থাকলে বাংলাদেশের কাজ সহজ হয়ে গেছে।