আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। গতকাল হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ব্যাটারদের দায়িত্বশীলতায় যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে আজিজুল হাকিম তামিমের দল। এ জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান মজবুত করল বাংলাদেশ। সুপার সিক্স পর্বে যাওয়ার জন্য এ জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেট রান রেটে বড় লাফ দেওয়ায় পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ এখন অনেকটাই প্রশস্ত। এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় সমান ১।
গতকাল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল। ব্যাটিং করতে নেমে যুক্তরাষ্ট্রের ইনিংস ২০০ রানের কোটা পেরোতে পারেনি। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ও স্পিনারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন আদনিত ঝাম্বে। বাংলাদেশের পক্ষে ম্যাচসেরা ইকবাল হোসেন ইমন ৩টি এবং আল ফাহাদ ২ উইকেট শিকার করেন। এদিন দুই শিকার নিয়ে ফাহাদ যুব ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন (২৫ ম্যাচ)। আগের রেকর্ডটি ছিল ভারতের বিজয়কুমার ইয়ো মাহেশের (২৬ ম্যাচে ৫০ উইকেট)।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং চালায়। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ শক্ত ভিত গড়ে দেন। মাঝপথে উইকেট হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অপরাজিত ৪৭ রান এবং কালাম সিদ্দিকীর কার্যকর ব্যাটিংয়ে ৪১.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।