বিপিএল মাঠে গড়ায় ২৫ ডিসেম্বর। ৬ দলের বিপিএলের বহু আনাকাক্সিক্ষত হিরকখচিত ট্রফি দুবাই থেকে ঢাকায় আসে তিন সপ্তাহ পর ১৭ জানুয়ারি। ২৫ হাজার মার্কিন ডলার বা ৩০ লাখ টাকার ট্রফিটি গতকালই প্রথম দেখেছেন ক্রিকেটাররা। বিকাল ৪টা ৪০ মিনিটে হেলিকপ্টারে মিরপুর স্টেডিয়ামে আসে ট্রফিটি। বিপিএলের ট্রফিটি গ্রহণ করেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। দুজনে বিপিএলের ট্রফি গ্রহণ করার কারণ, যে দুটি আন্তর্জাতিক ট্রফি বাংলাদেশ জিতেছে, নেতৃত্ব দিয়েছেন দুজনে। ২০১৮ সালে নারী এশিয়া কাপ বাংলাদেশ জিতেছে সালমার নেতৃত্বে এবং অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ আকবরের নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ২০২০ সালে। দুই সফল অধিনায়ক ট্রফি নিয়ে টেবিলের ওপর রাখেন। এরপর ২০ হাজার দর্শকের সরব উপস্থিতিতে ট্রফির মোড়ক উন্মোচন করেন ফাইনালের দুই প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদি হাসান। দুই অধিনায়ক যখন ট্রফি উন্মোচন করেন, তখন পুরো গ্যালারি দর্শকে টইটম্বুর। ফাইনাল দেখতে দর্শক চড়া দামেও টিকি কিনেছেন। ফাইনালের আগের রাত থেকে ব্ল্যাক মার্কেটে টিকিট বিক্রি হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড, ভিআইপি স্ট্যান্ডের টিকিটের চাহিদা ছিল না ব্ল্যাক মার্কেটে। তবে ৮০০ টাকার ক্লাব হাউসের টিকিট বিক্রি হয়েছে দেড় হাজার টাকায়।
নর্থ-সাউথ স্ট্যান্ডের ৩০০-৪০০ টাকার টিকিট বিক্রি হয়েছে ৭০০-৮০০ টাকায়। ২০০-৩০০ টাকার গ্যালারির টিকিট নিয়ে সবচেয়ে বেশি কাড়াকাড়ি ছিল। দর্শকদের মনোরঞ্জনের জন্য ছিল নায়িকা তানজিম তিশার নাচ।