সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হচ্ছে ভারতের। নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সাফে মেয়েদের বয়সভিত্তিক এ টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ-ভারত। আগের দুবারের মধ্যে বাংলাদেশ একবার এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে। একবার শিরোপা ভাগাভাগি করেছে ভারতের সঙ্গে। এবার কী অপেক্ষা করছে?
চার দলের টুর্নামেন্ট অর্পিতা বিশ্বাসরা নিজেদের পূর্ণ ফেবারিট হিসেবেই প্রমাণ করেছেন। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানকে হারিয়েছে ১২-০ গোলে। এরপর ভারতকে হারিয়েছে ২-০ ব্যবধানে। স্বাগতিক নেপালকে পরাজিত করেছে ৪-০ গোলে। তিন ম্যাচে ১৮ গোল করেছেন অর্পিতারা। বিপরীতে কোনো গোলই হজম করেননি। অন্যদিকে ভারত বাংলাদেশের কাছে হারলেও নেপালকে ১-০ এবং ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে। ৯ গোল করার বিপরীতে ২ গোল হজম করেছে ভারতীয় মেয়েরা। তবে ফাইনালে বাংলাদেশের জন্য কঠিন
লড়াই অপেক্ষা করছে। বিশেষ করে বেশ কয়েকজন ইনজুরিতে আছেন বলে জানিয়েছেন কোচ পিটার বাটলার। গতকাল মিডিয়াকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দলে কিছুটা ইনজুরি সমস্যা আছে। ট্রেনিং গ্রাউন্ড খুব ভালো নয়। আমি জানি না অন্য দলগুলোও একই সমস্যার মুখোমুখি হয়েছে কি না। আমরা চেষ্টা করব পূর্ণ ফিট একটা দল মাঠে নামাতে।’ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে জয় পেলেও ফাইনাল সম্পূর্ণ নতুন একটা মিশন বলে জানিয়েছেন বাটলার। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা গ্রুপ পর্বে খেলেছি। তবে আমাদের জন্য এটা নতুন আরেকটি ম্যাচ। আমরা জয়ের জন্যই খেলব। আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। ভিডিও বিশ্লেষণ করেছি। অনুশীলন করেছি। নিজেদের প্রস্তুতিটা সেরে নিয়েছি।’
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ প্রথমবার অনুষ্ঠিত হয় ২০২১ সালে। সে বছর নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। শাহেদা আক্তার রিপা, আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা খেলেছিলেন সেই আসরে। এরপর ২০২৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। নাটকীয়তায় ভরা সেই ম্যাচে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশের মেয়েরা কি আরও একবার দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিতে পারবেন?