পরিচালকদের অনেকেই জানতেন না। জানতেন না বিসিবির স্টাফরাও। আগের রাতেও তেমন কোনো ইঙ্গিত মেলেনি। গতকাল সকালে পরিচালকদের অনেকেই জানতে পারেন আইসিসির সভায় যোগ দিতে আগের রাতে লাহোর গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। স্টাফরা জানেন অফিসে উপস্থিত হওয়ার পর। হঠাৎ করেই জরুরি সভা ডেকেছে আইসিসি। সন্ধ্যার সেই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন আইসিসির বোর্ড সদস্যরা। লাহোরে বসে ভার্চুয়াল সভায় যোগ দেন বিসিবি সভাপতি। এ ছাড়া বিসিবি সভাপতি বুলবুল বৈঠক করেন পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে। বৈঠক শেষে গতকাল রাতেই দেশে ফেরার কথা বিসিবি সভাপতির। পাকিস্তানের জিও নিউজ সংবাদটি পরিবেশন করেছে। আইসিসির বোর্ড সভায় ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জরুরি আলোচনা হয়েছে বলে জানা যায়।
ভারতের বিপক্ষে পাকিস্তান না খেলার সিদ্ধান্ত নেয় মূলত বাংলাদেশকে সমর্থন জানিয়ে। অথচ টি-২০ বিশ্বকাপ খেলছে পাকিস্তান। আইসিসি চাইছে পাকিস্তান যেন ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলে। এজন্য সহ-আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দিয়ে আলোচনা চালিয়েছে। যদিও পিসিবি সম্মত হয়নি। আইসিসি গতকাল এজন্যই জরুরি বোর্ড সভার আয়োজন করেছে। ম্যাচটি মাঠে না গড়ালে আইসিসি বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়বে। সেটা বাংলাদেশি টাকায় ৬ হাজার কোটি টাকার ওপরে হতে পারে।
স্মরণকালের সবচেয়ে বাজে সময়ের মধ্যে হাঁটছে বিসিবি। বিসিবি সভাপতি বুলবুলের সময়ে নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। ১৯৯৯ সালের পর থেকে নিয়মিত বিশ্বকাপ খেলা বাংলাদেশ এই প্রথম খেলছে না। অথচ ১৯৯৯ সালের প্রথম বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন বুলবুল। এবার তার আমলেই বর্জন করল টি-২০ বিশ্বকাপ। বিপিএল চলাকালীন ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটূক্তি করেছিলেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। বিসিবি পরিচালকের এমন কটূক্তিতে ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটাররা। প্রতিবাদ জানিয়ে বিপিএলের খেলা বয়কট করেন একদিন। শুধু তাই নয়, ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের অনড় অবস্থানে বিসিবি কারণ দর্শানোর নোটিশ দেয় নাজমুলকে এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়। যদিও পরবর্তীতে বিতর্কিত নাজমুলকে ফের ফিন্যান্স কমিটির পদে পুনর্বহাল করে বিসিবি। ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে হতাশা পোষণ করেন ক্রিকেটাররা। যদিও এ প্রসঙ্গে কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। বিসিবি যে বাজে সময়ের মধ্যে যাচ্ছে, সেটার আরেকটি উদাহরণ পরিচালনা পর্ষদের কমিটিগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বিতর্কিত নাজমুল। তার এমন মন্তব্যের জের ধরে তাকে তিরস্কার করেন বিসিবির বেশ কয়েকজন পরিচালক। এ নিয়ে একটি পত্রিকায় ছবি প্রকাশিত হওয়ার পর বিষয়টি অস্বীকার করতে শুরু করেন পরিচালকরা। এ ঘটনার পর পরিচালনা পর্ষদের মধ্যে দ্বিধাবিভাজন স্পষ্ট হয়েছে। বিসিবির বর্তমান কার্যক্রম নিয়ে বিসিবির সাবেক পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ক্রিকেট বোর্ডে চেইন অব কমান্ড নেই। যার জন্য এমন হচ্ছে।’
বিসিবির বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবগুলো লিগ বর্জন করে। ৪২টি দল খেলা থেকে বিরত থাকে। ক্লাবগুলোর আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে আয়োজন করে সিসিডিএম কাপ। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেটা পুষিয়ে দিতে বিসিবি আযোজন করে তিন দলের আড়াই কোটি টাকার অদম্য বাংলাদেশ টি-২০ টুর্নামেন্ট। সেটা খেলে ক্রিকেটাররা কিছুটা আর্থিক ক্ষতি পুষিয়ে নিচ্ছেন। আমিনুল ইসলাম বুলবুল দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রথম ক্রিকেটার সভাপতি ছিলেন ফারুক আহমেদ। যিনি বিসিবির বর্তমান কমিটির সহসভাপতি। জাতীয় দলের এ দুই অধিনায়ক ছাড়াও রয়েছেন আরও কয়েকজন সাবেক ক্রিকেটার। কিন্তু ক্রিকেটের চেয়ে মাঠের বাইরে দিকেই নজর বেশি তাদের। সেজন্য মিডিয়ার অ্যাক্রিডিটেশন নীতিমালা তৈরি করছে। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ না খেলা নিয়ে বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই বিষয়টি আমার ভালো লাগছে না। কিন্তু আমাদের কোনো খেলোয়াড়, কোনো দর্শক, কোনো সাংবাদিক কিংবা কোনো কর্মকর্তার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। আমরা একাধিকবার আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছি। কিন্তু প্রচলিত নিরাপত্তা প্রটোকলের বাইরে নতুন কোনো পরিকল্পনা আমাদের দিতে পারেনি আইসিসি। তাই সরকার এবং ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’