টার্গেট ওভারপ্রতি ৯ রানেরও বেশি। টি-২০ ক্রিকেটে যা আকাশসমান নয়। তার পরও যে দলে মুজিব উর রেহমান, ফজল হক ফারুকি, রশিদ খান, মোহাম্মদ নবিদের মতো বোলার রয়েছেন, সেই দলের বিপক্ষে জেতাটা সহজ নয়, কষ্টসাধ্য বিষয়। সেই কঠিন কাজটি অনায়াশে করেছে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। শুধু জেতেইনি, ১৩ বল হাতে রেখে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে মিচেল স্যান্টানারের ব্ল্যাক ক্যাপসরা। নিউজিল্যান্ডের আগে কখনো টি-২০ বিশ্বকাপে ১৭০ রানের বেশি তাড়া করে জেতেনি। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে স্যান্টানার বাহিনী গতকাল ৫ উইকেটে ম্যাচ জিতেছে আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৮৩ রান তাড়া করে। ম্যাচ জেতাতে উইকেটরক্ষক ব্যাটার টিম সাইফার্ট ৬৫ রান করেন মাত্র ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায়। ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ডের পরের ম্যাচ আগামীকাল চেন্নাইয়ে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের পরের ম্যাচ ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮৩ রানের টার্গেটে ইনিংসের দ্বিতীয় ওভারেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। অফ স্পিনার মুজিব টানা দুই বলে ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র্রের উইকেট নেন। ১৪ রানের মধ্যে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগালেও শেষ পর্যন্ত সফল হননি মুজিব। ম্যাচসেরা সাইফার্ট ও গ্লেন ফিলিপস ৭.৪ ওভার বা ৪৬ বলে ৭৪ রান যোগ করে দলের জয়ের ভীত দেন। ১০ নম্বর ওভারের দ্বিতীয় বলে ফিলিপসকে বোল্ড করেন রশিদ। সাজঘরে ফেরার আগে তার নামের পাশে লেখেন ১৬৮ স্ট্রাইকরেটের ৪২ রানের বিধ্বংসী ইনিংস। ২৫ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও একটি ছক্কা। সাইফার্ট আউট হন ১৩তম ওভারের পঞ্চম বলে। দলের স্কোর তখন ১২৪। সাইফার্ট ও ফিলিপসের বিদায়ের পরও রানের খাতা সচল রাখেন মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল ও স্যান্টানার। ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৭.৫ ওভারে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এর আগে টস জিতে আফগানিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে। ওয়ান ডাউনে গুলবাদিন নাইব ৬৩ রান করেন মাত্র ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায়।
গতকাল দিনের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ২০ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ১৪৩ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ম্যাচসেরার পুরস্কার জয় করেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ১৮২/৬, ২০ ওভার
নিউজিল্যান্ড : ১৮৩/৫, ১৭.৫ ওভার
ফলাফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: টিম সেইফার্ট
শ্রীলঙ্কা: ১৬৩/৬, ২০ ওভার
আয়ারল্যান্ড: ১৪৩/১০, ১৯.৫ ওভার
ফলাফল: শ্রীলঙ্কা ২০ রানে জয়ী
ম্যাচসেরা: কামিন্দু মেন্ডিস