মুম্বাইয়ে হয়তো এক অঘটনের অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। কেননা ম্যাচের শুরু থেকেই এমন আভাস পাওয়া যাচ্ছিল। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটিংয়েও রীতিমতো চমক দেখায় এশিয়ার নতুন মুখ নেপাল। গতকাল আইসিসি টি-২০ বিশ্বকাপে রোমাঞ্চকর এক লড়াইয়ে অঘটন এড়িয়ে ঘাম ঝরানো ৪ রানের জয় দিয়ে এবারে বিশ্বকাপ শুরু করেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের আশা জাগিয়েও অভিজ্ঞতার কাছে হার মানতে হয় হিমালয়ের দেশটিকে। ইংলিশদের ১৮৪ রানের জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানে থেমে যায় নেপালিরা।
গতকাল ইংলিশদের লক্ষ্য তাড়া করতে নেমে নেপালের শুরুটা নড়বড়ে হলেও ম্যাচের চিত্র বদলে দেন লোকেশ বাম। তার বিধ্বংসী ক্যামিও ইনিংসে জয়ের সুবাস পেতে শুরু করেছিল নেপালি সমর্থকরা। তবে শেষ ওভারে স্নায়ুর চাপ ধরে রেখে দুর্দান্ত বোলিং করেন স্যাম কারান। শেষ ওভারে ১০ রানের পর শেষ বলে জয়ের জন্য ৬ রান প্রয়োজন হলেও বাউন্ডারি হাঁকাতে ব্যর্থ হন লোকেশ। তিনি ২০ বলে ২ ছক্কা ও ৪ চারে খেলেন ৩৯ রানের ইনিংস। হারলেও বিশ্বচ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করে ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে নেপাল। এর আগে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। অন্য ব্যাটাররা খেলতে না পারলেও জ্যাকব বেথেল ও হ্যারি ব্রুকের হাফ সেঞ্চুরিতে ১৮৪ রানের সংগ্রহ পায় তারা। জ্যাকব ৩৫ বলে ৫৫ ও ব্রুক ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। উইল জ্যাকস করেন ৩৯ রান।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২০ ওভারে ১৮৪/৭
(বেথেল ৫৫, ব্রুক ৫৩, জ্যাকস ৩৯*; মাল্লা ৩-০-৩৫-১, দিপেন্দ্রা ৩-০-২৩-২, নান্দান ৩-০-২৫-২, লামিছানে ৪-০-২৫-১)
নেপাল : ২০ ওভারে ১৮০/৬
(কুশাল ২৯, রোহিত ৩৯, দিপেন্দ্রা ৪৪, লোকেশ ৩৯*; উড ৩-০-৩১-১, আর্চার ৪-০-৪২-১, ডসন ৪-০-২১-২, জ্যাকস ২-০-১৭-১, কারান ৪-০-২৭-১)
ফল : ইংল্যান্ড ৪ রানে জয়ী
ম্যাচসেরা : উইল জ্যাকস।